
ডেস্ক রির্পোট:- সিনেমা, ব্যবসা, ব্র্যান্ডের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এখন চিত্রনায়িকা অপু বিশ্বাস। মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব কিংবা মনঃক্ষুণ্ন্নের বিষয় মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে শেয়ার করতেন এ নায়িকা। তবে ছয় মাসেরও বেশি সময় ধরে সামাজিক মাধ্যমে কাজ ছাড়া কোনো বিষয় নিয়ে কথা বলছেন না তিনি। এমনকি কোনো সাক্ষাৎকারেও কাজের বাইরে অন্যকে নিয়ে কথা বলা থেকে বিরত থাকছেন। এবার একই অনুরোধ তিনি করেছেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদেরও। অপু এক ফেসবুক পোস্টে গতকাল দুপুরে বলেন, আজ এই দীর্ঘ পথচলায় আপনারা যেভাবে আমার ছায়া হয়ে পাশে আছেন, তার জন্য আমি চিরঋণী। আপনারা আমাকে শুধু একজন শিল্পী হিসেবে নয়, আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে ভালোবেসেছেন। ভালোবাসার পেছনের প্রধান কারণ হলো আমার কাজ। আপনারা আমাকে কাজ দিয়ে চিনেছেন, কাজের মাধ্যমেই আমি আপনাদের হৃদয়ে জায়গা করে নিয়েছি। অপু ভক্তদের উদ্দেশ্যে বলেন, আমি মনে করি, অপুর ভক্ত হওয়া মানেই আভিজাত্য আর শিষ্টাচারের এক অনন্য মেলবন্ধন। তাই আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনারা কারও সঙ্গে কোনো ধরনের অহেতুক তর্কে বা কাদা ছোড়াছুড়িতে জড়াবেন না। মনে রাখবেন, যারা নিজেদের কাজ বা অর্জন দিয়ে আলোচনায় থাকতে পারে না, তারাই অন্যের পরিবার নিয়ে চর্চা করে বা আজেবাজে পোস্ট করে গুরুত্ব পাওয়ার চেষ্টা করে। কিন্তু আপনাদের ব্যক্তিত্ব এতই ঊর্ধ্বে যে, কারও নিচু মানের মন্তব্যের উত্তর দিয়ে আপনাদের সেই মর্যাদা ক্ষুণ্ন করার প্রয়োজন নেই। অপু বলেন, ?আমার পরিবার আমার অহংকার। যখন প্রয়োজন হয়েছে, আমি নিজেই আমার পরিবারকে আপনাদের সামনে এনেছি। এখন আর নতুন করে কোনো পোস্ট বা কথার মাধ্যমে আমার পরিবারকে নিয়ে কারও কাছে কিছু প্রমাণ করার নেই।