
সুজন কুমার তঞ্চঙ্গ্যা: – রামাটির বিলাইছড়ি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শ্রেণিকক্ষে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং স্বদেশ পল্লীর আয়োজনে এই কর্মসূচি শুরু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরালা কান্তি চাকমা।
অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য উদ্বুদ্ধ করেন এবং বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সরকারি অর্থায়নে বাস্তবায়িত এ কর্মসূচির সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে স্বদেশ পল্লী। কর্মসূচির সমন্বয়কারী প্রত্যয় চাকমা, ক্লাস্টার কো-অর্ডিনেটর (জিপিএসএফপি), বিলাইছড়ি জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী উপজেলার সকল বিদ্যালয়ে খাদ্যসামগ্রী সুষ্ঠুভাবে বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, উপজেলার ৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ২,১৪০ জন শিক্ষার্থীর মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য ডিম, বনরুটি, কলা, দুধ ও বিস্কুট সরবরাহ করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা এবং বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি করাই মূল লক্ষ্য। উল্লেখ্য, রাঙ্গামাটি জেলার মধ্যে বিলাইছড়ি উপজেলায় প্রথমবারের মতো এ কর্মসূচি চালু হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি রঞ্জন তঞ্চঙ্গ্যা, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন বেগম, সহকারী শিক্ষক মোনালিসা পাংখোয়া, মারিয়া সুলতানা, প্রকল্প সংশ্লিষ্ট রুপক চাকমা, সুমন চাকমা, অন্তর বাবু তঞ্চঙ্গ্যা এবং বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, যার মধ্যে সুদেব দাশও ছিলেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের পুষ্টি ও শিক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং বিদ্যালয়মুখীতা বাড়াতে সহায়ক হবে।