
রাঙ্গামাটি:- সরকারের ঘোষিত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে রাঙ্গামাটিতে সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।
আজ রোববার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক। উপস্থিত ছিলেন
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড–এর চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অরুপ কুমার চাকমা, রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক পিএসসি, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় জেলার সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাপ্তাই হ্রদের ব্যবস্থাপনা, খাল পুনঃখনন, চিকিৎসা সেবার মানোন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণ, শিক্ষা, কৃষি ও মৎস্য খাতের উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রী বলেন, সরকারের ১৮০ দিনের রোডম্যাপের আওতায় পর্যায়ক্রমে এসব সমস্যা গুরুত্ব সহকারে সমাধান করা হবে। তিনি সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত ও সুচারুভাবে কর্মপরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানান।
এছাড়া পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, শান্তি ও সহাবস্থান বজায় রেখেই টেকসই উন্নয়ন সম্ভব।
এসময় তিনি জেলার সার্বিক উন্নয়নে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রতিনিধিদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।