রাঙ্গামাটিতে লংগদু স্টুডেন্ট ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৪৭ দেখা হয়েছে

নাজিম আল হাসান:- রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্ববোধের বার্তা ছড়িয়ে দিতে রাঙ্গামাটি জেলার লংগদু স্টুডেন্ট ফোরামের উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে রাঙ্গামাটি শহরের বনরুপা এলাকার পাতাইয়া রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি ও স্থানীয় শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লংগদু স্টুডেন্ট ফোরামের সভাপতি রেজাউল করিম। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম। পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলম। মোনাজাতে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু নাছির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট হারুনর রশীদ, এডভোকেট কামাল উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক কামাল উদ্দিন, এডভোকেট আলাল উদ্দিন এবং মিনহাজ মুরশীদ। এছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে এডভোকেট আলাল উদ্দিন বলেন, এ ধরনের সামাজিক ও শিক্ষামূলক আয়োজন স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখে। তিনি আশা প্রকাশ করেন, যুবসমাজ এ ধরনের ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে দৃষ্টান্ত স্থাপন করবে।
এডভোকেট হারুনর রশীদ তার বক্তব্যে বলেন, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে যুবসমাজকে সুসংগঠিত ও শক্তিশালী করা সময়ের দাবি। এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণ, সহযোগিতার মনোভাব ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রধান অতিথি মোঃ আবু নাছির বলেন, লংগদু স্টুডেন্ট ফোরাম একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে যুবসমাজের মধ্যে মানবিকতা, সহযোগিতা ও নেতৃত্ব বিকাশে কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমেও নিজেদের গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে ইফতার গ্রহণের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
ইফতার মাহফিলটি একটি মিলনমেলায় পরিণত হয়, যেখানে প্রজন্মের মধ্যে পারস্পরিক যোগাযোগ, মতবিনিময় ও সম্পর্ক উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions