
রাঙ্গামাটি:- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট লোকবল। যোগাযোগব্যবস্থা ঝুঁকিপূর্ণ ও সীমিত হওয়ায় এসব এলাকায় হেলিকপ্টারই একমাত্র ভরসা।
গতকাল শনিবার থেকে রাঙ্গামাটি জেলার ২০টি হেলিসর্টি ভোটকেন্দ্রে পর্যায়ক্রমে নির্বাচনী সরঞ্জাম ও নির্বাচন কর্মকর্তাদের পাঠানো শুরু হয়। আজ দ্বিতীয় দিনে জুরাছড়ি উপজেলার ৫টি কেন্দ্র এবং বিলাইছড়ি উপজেলার ২টি কেন্দ্রে ব্যালট বক্স, প্রয়োজনীয় সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্ত লোকবল পৌঁছে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, ৭ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি—এই চার দিনে পর্যায়ক্রমে সব হেলিসর্টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও লোকবল পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান থাকবে।
পাহাড়ি এসব এলাকায় অনেক কেন্দ্রে স্থলপথে যাতায়াত একেবারেই সম্ভব নয়। দুর্গম ভৌগোলিক বাস্তবতায় নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের কয়েক দিন আগেই কেন্দ্রে পৌঁছাতে হয়। সে কারণে হেলিকপ্টারের মাধ্যমেই তাদের পরিবহন করা হচ্ছে।
গত নির্বাচনে রাঙ্গামাটিতে হেলিসর্টি ভোটকেন্দ্র ছিল ১৮টি। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২০টিতে। এসব দুর্গম ২০টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৫৪৩ জন।
এর আগে শনিবার বরকল উপজেলায় ২টি, জুরাছড়ি উপজেলায় ১টি এবং বিলাইছড়ি উপজেলায় ১টি কেন্দ্রে সরঞ্জাম ও লোকবল পাঠানো হয়।
এদিকে হেলিসর্টি কেন্দ্রের পাশাপাশি রাঙ্গামাটিতে ৩৬টি ভোটকেন্দ্র মোবাইল নেটওয়ার্কবিহীন এবং ৬৫টি কেন্দ্র বিদ্যুৎবিহীন। এসব এলাকায় ভোটের ফলাফল সংগ্রহে এবার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা।
রাঙ্গামাটির ১০টি উপজেলায় মোট ২১৩টি ভোটকেন্দ্রে এবার ভোট দেবেন ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন ভোটার।