ডেস্ক রির্পোট:- ঢাকায় বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯১তম যৌথ কমিটির বৈঠকে ২০২৬ সালের বার্ষিক বাস্তবায়ন প্রতিবেদন চূড়ান্ত হয়েছে। কিন্তু আগামী ১২ ডিসেম্বর মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া ৩০ বছর মেয়াদি চুক্তিটির ভবিষ্যৎ নিয়ে এখনও কোনও রাজনৈতিক সংলাপের সূচি নির্ধারিত হয়নি।
বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে বাকি আর মাত্র ১৯ দিন। অথচ মেয়াদ শেষের এই অন্তিম মুহূর্তে এসেও চুক্তি নবায়ন কিংবা নতুন কোনো কাঠামো প্রণয়ন নিয়ে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা এখনো শুরু হয়নি।
গত ২২ ও ২৩ নভেম্বর ঢাকায় বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) যৌথ কমিটির ৯১তম নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মো. আনোয়ার কাদির এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন শরদ চন্দ্র। এই বৈঠকে ২০২৬ সালের শুষ্ক মৌসুমে গঙ্গার পানি বণ্টন চুক্তি বাস্তবায়নের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা স্পষ্ট করেছেন যে, এই যৌথ কমিটি কেবল কারিগরি পর্যবেক্ষণ, ফারাক্কা ও হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টের প্রবাহ পরিমাপ এবং তথ্য যাচাইয়ের কাজ করে। চুক্তি নবায়ন বা নতুন চুক্তির নীতিগত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এই কমিটির নেই।
সময়ের স্বল্পতা ও অন্তর্বর্তী মেয়াদ বৃদ্ধির আলোচনা
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর নয়াদিল্লিতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তিতে সই করেছিলেন। চুক্তির ১২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ৩০ বছর পূর্ণ হওয়ার পর উভয় পক্ষের পারস্পরিক সম্মতিতে চুক্তিটি নবায়নযোগ্য।
কূটনৈতিক সূত্র বলছে, হাতে থাকা মাত্র কয়েক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ নতুন ও সংশোধিত দীর্ঘমেয়াদি চুক্তির খসড়া চূড়ান্ত করা বাস্তবসম্মত নয়।
বিশ্লেষকদের মতে, এই প্রেক্ষাপটে ২০২৭ সালের জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া শুষ্ক মৌসুমে চুক্তিহীন শূন্যতা এড়াতে পারস্পরিক কূটনৈতিক সম্মতির ভিত্তিতে ৩ থেকে ৫ বছরের জন্য একটি অন্তর্বর্তী মেয়াদ বৃদ্ধি হতে পারে সবচেয়ে কার্যকর সমাধান। তবে এখন পর্যন্ত দুই সরকারের পক্ষ থেকে কোনো অন্তর্বর্তী কাঠামোর আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ঢাকার কূটনৈতিক তৎপরতা ও ‘গ্যারান্টি ক্লজ’-এর দাবি কূটনৈতিক সূত্র বলছে, শুরু থেকেই ঢাকা এমন একটি হালনাগাদ চুক্তির ওপর জোর দিয়ে আসছিল— যেখানে ১৯৭৭ সালের চুক্তির আদলে শুষ্ক মৌসুমের চরম সংকটকালীন সময়ে নির্দিষ্ট পরিমাণ পানির নিশ্চয়তা বা ‘গ্যারান্টি ক্লজ’ অন্তর্ভুক্ত থাকবে। ১৯৯৬ সালের বর্তমান চুক্তিতে প্রবাহ ৫০ হাজার কিউসেকের নিচে নেমে গেলে তাৎক্ষণিক আলোচনার কথা থাকলেও ন্যূনতম প্রবাহের বাধ্যতামূলক নিশ্চয়তা অনুপস্থিত ছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বলছে চলতি বছরের মাঝামাঝি সময় থেকেই বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রণালয় ও গঠিত উচ্চপর্যায়ের কারিগরি কমিটি কূটনৈতিক চ্যানেলে চিঠি পাঠিয়ে আনুষ্ঠানিক নবায়ন সংলাপের তারিখ নির্ধারণের আহ্বান জানিয়ে আসছে। সময় ঘনিয়ে আসায় এখন বাংলাদেশ দ্রুততম সময়ে রাজনৈতিক পর্যায়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করার ব্যাপারে ভারতের ইতিবাচক সাড়ার প্রত্যাশা করছে।
ভারতের অবস্থান ও অভ্যন্তরীণ অববাহিকা বাস্তবতা
অন্যদিকে ভারতের অবস্থান প্রসঙ্গে দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, নয়াদিল্লি মনে করে, আন্তঃসীমান্ত নদী ও পানিবণ্টন সংক্রান্ত সব বিষয় প্রতিষ্ঠিত যৌথ নদী কমিশন (জেআরসি) প্রক্রিয়ার মধ্য দিয়েই অগ্রসর হওয়া উচিত। তবে আনুষ্ঠানিক নবায়ন বৈঠকের কোনো নির্দিষ্ট তারিখ বা রূপরেখা এখনো প্রকাশ করেনি ভারত।
ভারতীয় নীতিনির্ধারণী মহলের আলোচনায় অভ্যন্তরীণ পানি নিরাপত্তা এবং গঙ্গা অববাহিকার পরিবর্তিত জলবায়ু ও চাহিদার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে উজান ও সীমান্তবর্তী রাজ্য বিহার ও পশ্চিমবঙ্গের পানীয় জল, কৃষি সেচ, পলি ব্যবস্থাপনা এবং শিল্প খাতের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় রেখেই দিল্লি পরবর্তী পদক্ষেপ মূল্যায়ন করছে বলে দাবি কূটনৈতিক সূত্রের।
চুক্তিহীন শুষ্ক মৌসুমের ঝুঁকি
চুক্তির শর্ত অনুযায়ী প্রতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ১০ দিনভিত্তিক চক্রে ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি বাংলাদেশ ও ভারতের মধ্যে বণ্টিত হয়। আগামী ১২ ডিসেম্বরের মধ্যে চুক্তি নবায়ন কিংবা অন্তর্বর্তীকালীন মেয়াদ বৃদ্ধির বিষয়ে লিখিত সমঝোতা না হলে ১ জানুয়ারি থেকে দুই দেশকে আনুষ্ঠানিক পানিবণ্টন প্রটোকল ছাড়াই শুষ্ক মৌসুমে প্রবেশ করতে হবে—যা ১৯৯৬ সালের পর প্রথম নজিরবিহীন পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
তের অবস্থান আসলে কী
চুক্তির নবায়ন নিয়ে নতুন কোনো আশার আলো বা সুস্পষ্ট ইঙ্গিত দেয়নি ভারত। গত শুক্রবার (২০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল চুক্তির ভবিষ্যৎ নিয়ে একাধিক প্রশ্নের মুখোমুখি হলেও আলোচনার অগ্রগতি, কিংবা উচ্চপর্যায়ের কোনো তৎপরতা সম্পর্কে নতুন কোনো তথ্য জানাননি। বরং আগের ব্রিফিংগুলোতে দেওয়া অবস্থানেই অটল থাকার কথা জানান জয়সওয়াল।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসা এবং এর নবায়নের বিরোধিতায় বিভিন্ন মহলের সরব অবস্থানের মধ্যে দুই দেশের আলোচনায় কোনো অগ্রগতি হয়েছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, গঙ্গাসহ অভিন্ন নদী ও পানিসংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য যৌথ নদী কমিশন (জেআরসি) একটি প্রতিষ্ঠিত কাঠামো হিসেবে রয়েছে। ভারতের স্বার্থ অক্ষুণ্ণ রেখে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে নয়াদিল্লি প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।
চুক্তি নবায়নে আলোচনা শুরুর তাগিদ ঢাকার
বাংলাদেশ ও ভারতের মধ্যে সই করা ১৯৯৬ সালের গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। এমন প্রেক্ষিতে গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়ে দ্রুত আলোচনা শুরুর অনুরোধ জানিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি তার ভারতীয় সমকক্ষ সি. আর. পাতিলকে কূটনৈতিক চ্যানেলে গত ১৭ নভেম্বর একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে ঢাকার পক্ষ থেকে এই ইস্যুতে দ্রুত আলোচনা শুরুর অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা নতুন দিল্লিকে জানিয়েছে, তারা ইতোমধ্যেই আলোচনার জন্য একটি উচ্চপর্যায়ের কারিগরি কমিটি গঠন করেছে। মন্ত্রী এ্যানি ভারতকেও তাদের আলোচক দলের সদস্যদের তালিকা জানানোর আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ উল্লেখ করেছে যে, ঢাকা প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করেছে এবং ১২ ডিসেম্বরের বেশ আগেই আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে বলে আশা করছে।
এ প্রসঙ্গে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে চায়। এ জন্য নতুন চুক্তিতে ১৯৭৭ সালের পানি বণ্টন চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের অগ্রাধিকার। আমরা ভারতের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত রয়েছি। দুই দেশের আলোচনার মাধ্যমে একটি দীর্ঘমেয়াদি ও গ্রহণযোগ্য সমাধান বেরিয়ে আসবে বলে আশা করি। তিনি জানান, এ লক্ষ্যে তিনি ভারতের পানিসম্পদমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে দ্রুত আনুষ্ঠানিক আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন।
যৌথ নদী কমিশনের একজন সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘নিয়মিত দুই দেশের বৈঠক হচ্ছে। সেখানে চুক্তির আলোকে পানিবণ্টন ফলোআপ হয়ে থাকে।’’বাংলা ট্রিবিউন
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com