রাঙ্গামাটি:- আঞ্চলিক দলের আধিপত্য, টানা সড়ক অবরোধ ও প্রশাসনের পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞায় দীর্ঘদিন ধরে পর্যটকশূন্য হয়ে পড়েছে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি। ভরা পর্যটন মৌসুমে এমন অচলাবস্থায় বিপাকে পড়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। বন্ধ রয়েছে অধিকাংশ হোটেল-রিসোর্ট ও দোকানপাট। কর্মহীন হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের হিসাবে, সাজেকে প্রতিদিন প্রায় দেড় থেকে দুই কোটি টাকার আর্থিক লেনদেন বন্ধ রয়েছে। এতে এক মাসে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬০ কোটি টাকা।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় এক মাস ধরে চলা অবরোধ, পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা এবং যান চলাচলে সীমাবদ্ধতার কারণে ‘মেঘের রাজ্য’ খ্যাত সাজেকের পর্যটন কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। ফাঁকা পড়ে আছে পাহাড়ি সড়ক ও পর্যটনকেন্দ্রগুলো। তালাবদ্ধ রয়েছে অধিকাংশ রিসোর্ট, কটেজ ও দোকানপাট। মাঝেমধ্যে কৃষিপণ্য পরিবহন ও শিক্ষার্থীদের চলাচলে কিছুটা ছাড় দেওয়া হলেও পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।
সাজেকের অর্থনীতি মূলত পর্যটননির্ভর। রিসোর্ট, কটেজ, রেস্তোরাঁ, চাঁদের গাড়ি, মাহেন্দ্র ও পর্যটক পরিবহনের পাশাপাশি স্থানীয় ক্ষুদ্র ব্যবসার সঙ্গে জড়িত কয়েক হাজার মানুষের জীবিকা এখন হুমকির মুখে। আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন চালক, শ্রমিক ও ব্যবসায়ীরা।
স্থানীয় ব্যবসায়ীদের দেওয়া তথ্যমতে, সাজেকে প্রায় ১৩৫টি রিসোর্ট রয়েছে। এসব রিসোর্টে রয়েছে ২০০টির বেশি কক্ষ। ছুটির দিনগুলোতে প্রায় তিন হাজার পর্যটকের সমাগম ঘটে সেখানে। প্রতিটি কক্ষের ভাড়া গড়ে তিন হাজার টাকা হিসাবে আবাসন খাতেই প্রতিদিন বিপুল পরিমাণ আয় হতো। অন্যদিকে, সাজেকে পর্যটক পরিবহনে প্রায় ৫০০টি চাঁদের গাড়িসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। প্রতিটি গাড়ির ভাড়া ছয় হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত। যানবাহন ভাড়া, রেস্তোরাঁ ও স্থানীয় ক্ষুদ্র ব্যবসা মিলিয়ে প্রতিদিন প্রায় দুই কোটি টাকার অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হতো বলে দাবি ব্যবসায়ীদের।
সাজেকের জীবিকা ও অর্থনীতি মূলত পর্যটনকেন্দ্রিক। রিসোর্ট, কটেজ, রেস্তোরাঁ, চাঁদের গাড়ি, মাহেন্দ্র, পর্যটক পরিবহন ও ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত কয়েক হাজার মানুষ বর্তমানে কর্মহীন। নিয়মিত আয় বন্ধ থাকায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন চালক ও শ্রমিকরা।
সাজেকের রুইলুই রিসোর্টের পরিচালক সুব্রত দে বলেন, সাজেকে প্রায় তিন হাজার পর্যটকের থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে। থাকা-খাওয়া ও যাতায়াত বাবদ জনপ্রতি গড়ে পাঁচ হাজার টাকা হিসাবে প্রতিদিন প্রায় দেড় কোটি টাকার লেনদেন হতো। কিন্তু পর্যটক প্রবেশ বন্ধ থাকায় সেই আয় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এখন কর্মচারীদের বেতন ও ব্যাংকঋণের কিস্তি পরিশোধ করাই কঠিন হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে ব্যবসা টিকিয়ে রাখা অসম্ভব হয়ে যাবে।
অন্যদিকে, সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটির আহ্বায়ক বাবুধন চাকমা বলেন, পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের অবরোধ চলবে। জেএসএসের কারণে সংকট তৈরি হয়েছে দাবি করে তিনি অভিযোগ করেন, সংগঠনটির সশস্ত্র সদস্যরা স্থানীয়দের হুমকি-ধমকি দিচ্ছেন এবং তাদের সরিয়ে নিলে অবরোধ তুলে নেওয়া হবে।
অন্যদিকে, রাঙ্গামাটির জেলা প্রশাসক বলেন, সাজেকে পর্যটক প্রবেশে বাধার প্রধান কারণ নিরাপত্তা। অবরোধের কারণে সেখানে নিরাপত্তা সংকট তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার বিষয়ে নিশ্চিত হলেই পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com