ডেস্ক রির্পোট:- গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে আলোচনায় অংশ নিতে চার সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠিয়েছে ভারত। শুক্রবার ঢাকার উদ্দেশে রওনা হওয়া দলটি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তির আওতায় গঠিত যৌথ কমিটির বৈঠকে অংশ নেবে। আজ শনিবার ২১ থেকে ২৩ নভেম্বর এই বৈঠক হওয়ার কথা। এ খবর দিয়ে অনলাইন টাইমস অব ইন্ডিয়া বলছে, ভারতের জয়েন্ট রিভার্স কমিশনের প্রধান শরদ চন্দ্রের নেতৃত্বে প্রতিনিধি দলটি বাংলাদেশ সফর করছে। তবে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ই ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে এই সফর হলেও বিদ্যমান মেয়াদের বাইরে চুক্তির নবায়ন নিয়ে আলোচনার কোনো ক্ষমতা বা ম্যান্ডেট নেই প্রতিনিধি দলটির।
ভারতের সংশ্লিষ্ট সূত্রগুলোর ইঙ্গিত, চুক্তি নবায়ন কিংবা অন্তর্বর্তী সময়ের জন্য এর মেয়াদ বাড়ানো হবে কি না এবং কী শর্তে তা করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে দুই দেশের রাজনৈতিক নেতৃত্বকে। বাংলাদেশ ইতিমধ্যে জানিয়েছে, বিদ্যমান চুক্তি নবায়নের পরিবর্তে ভারতের সঙ্গে নতুন একটি পানিবণ্টন চুক্তি করতে চায় তারা। নতুন চুক্তিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশের প্রয়োজনীয় পানির হিস্যা নিশ্চিত করার নিশ্চয়তামূলক ধারা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে ঢাকা।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ই ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির মেয়াদ ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। ফলে চুক্তির ভবিষ্যৎ এবং শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানির প্রাপ্যতা নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com