
১ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে জুরাছড়ি জোনের উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার ৩৪ জন পাহাড়ি এবং ৩৩ জন বাঙালি নারী অংশ নেন।
প্রশিক্ষণে গর্ভকালীন ও প্রসব-পরবর্তী মায়ের পরিচর্যা, নবজাতকের যত্ন, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্যবিধি, রোগ প্রতিরোধ, প্রাথমিক চিকিৎসা এবং জরুরি স্বাস্থ্য পরিস্থিতিতে করণীয় বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
জুরাছড়ি জোনের জোন কমান্ডারের সার্বিক দিকনির্দেশনায় জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন কায়সার আহমেদ শোভন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনন্যা চাকমার তত্ত্বাবধানে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী নারীদের হাতে সনদপত্র তুলে দেন জুরাছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. শাহরিয়ার আলম, পিএসসি। এ সময় সংশ্লিষ্ট চিকিৎসক, প্রশিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
দুর্গম পাহাড়ি এলাকার ভৌগোলিক অবস্থান ও যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে অনেক সময় গর্ভবতী নারী, প্রসূতি মা ও নবজাতকরা জরুরি স্বাস্থ্যসেবা পেতে বিড়ম্বনায় পড়েন। বিশেষ করে প্রত্যন্ত গ্রামগুলোতে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও মাতৃস্বাস্থ্য বিষয়ে সচেতনতার ঘাটতি রয়েছে। এমন বাস্তবতায় স্থানীয় নারীদের প্রশিক্ষিত করার এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা নিজ নিজ পরিবার ও এলাকায় মাতৃস্বাস্থ্য, নবজাতকের পরিচর্যা, স্বাস্থ্যবিধি ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে পারবেন। পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্যঝুঁকি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসার জন্য দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার ক্ষেত্রেও সহায়ক হবেন তাঁরা।
স্থানীয়দের মতে, পাহাড়ের দুর্গম জনপদে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। এতে একদিকে যেমন স্থানীয় নারীদের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়বে, অন্যদিকে মাতৃ ও শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে সচেতনতা তৈরির সুযোগ সৃষ্টি হবে।
নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, চিকিৎসা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। জুরাছড়িতে ৬৭ নারীকে নিয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম দুর্গম পাহাড়ি জনপদে স্বাস্থ্যসেবা ও সচেতনতা বিস্তারে একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com