ডেস্ক রির্পোট:-সুদান ও দক্ষিণ সুদানের মধ্যকার বিতর্কিত সীমান্ত অঞ্চল আবেয়ির একটি বাজারে ড্রোন হামলায় অন্তত ১৫৩ জন নিহত হয়েছেন। হামলায় একটি জ্বালানি ডিপো ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। বার্তা সংস্থা এপি এ খবর প্রকাশ করেছে।
আবেয়ি প্রশাসনের তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী ইয়োহান্না আকল এনগোর জানান, সুদানের সামরিক বাহিনী সোমবার আমিয়েত বাজারে এই হামলা চালিয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার তীব্র নিন্দা জানিয়ে সুদানের রাষ্ট্রদূতকে তলব করেছে। অন্যদিকে সুদানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা দাবি করেছেন, সেখান থেকে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) জন্য জ্বালানি চোরাচালান করা হচ্ছিল। সেনাবাহিনী সেই ট্যাংকারগুলোকে লক্ষ্য করে হামলা চালায়। নিহতরা আরএসএফ সদস্য বলে দাবি করেন তিনি।
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) জানিয়েছে, স্থানীয় হাসপাতালে বহু দগ্ধ ও আশঙ্কাজনক রোগীকে ভর্তি করা হয়েছে। তেলসমৃদ্ধ আবেয়ি অঞ্চলের মালিকানা নিয়ে সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া গৃহযুদ্ধের জেরে অঞ্চলটিতে সংঘাত আরও বেড়েছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com