ডেস্ক রির্পোট:- বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের স্বায়ত্ত্বশাসনের প্রতিশ্রুতির গল্প অনেক পুরনো। সেই স্বপ্ন এখন হয়তো আর কেউই দেখে না। গত দুই যুগে বেসরকারি টেলিভিশন এবং রেডিও’র যুগান্তকারী উত্থান ও বিকাশের পটভূমিতে এই আলোচনা প্রাসঙ্গিকতা হারিয়েছে। তবুও, অতি সম্প্রতি টিভি মিডিয়ার অভিজ্ঞতাসমৃদ্ধ একজন মিডিয়া ব্যক্তিত্বকে বিটিভি’র মহাপরিচালক হিসাবে বেছে নেয়ায় এক ধরণের নতুন আশাবাদের জন্ম হয়েছিল। অনেকেই ভেবেছিলেন, বর্তমান সরকার সত্যিই রাষ্ট্রায়াত্ত্ব টিভি চ্যানেলটির চরিত্র বদলাতে ইচ্ছুক। কিন্তু কয়েকদিন আগে তথ্য মন্ত্রণালয়ের জারিকৃত এক চিঠির পর সেই ভ্রম কেটেছে।
তথ্য মন্ত্রণালয় সূত্রে প্রাপ্ত এই চিঠিতে দেখা যায় যে, একজন সহকারী সচিবের স্বাক্ষরে বিটিভির ডিজির উদ্দেশ্যে লেখা হয়েছে এই চিঠি। এতে তাঁকে যে নির্দেশনা দেয়া হয়েছে, তাতে এমনকি বিটিভি’র সোশ্যাল মিডিয়া পেজগুলোতে কোনও জনসচেতনতামূলক বার্তা বা কনটেন্ট প্রচার করতে চাইলেও সেটার পূর্বানুমোদন নিতে হবে মন্ত্রণালয়ের কাছ থেকে। এই চিঠির পর বিটিভি’র ডিজির পদটি কার্যত স্রেফ একটি ‘ডাক বাকসো’তে পরিণত হয়েছে। মন্ত্রণালয়ের পূর্বানুমোদন ব্যতীত তেমন কিছুই করার নেই ডিজি’র।
চিঠিতে যেসব বিষয়ে মহাপরিচালককে ‘আবশ্যিকভাবে’ মন্ত্রণালয়ের পূর্বানুমোদন গ্রহণের বাধ্যবাধকতা জারি করা হয়েছে, তার মধ্যে রয়েছে; সোশ্যাল মিডিয়া, অনলাইন বা যে কোনও মাধ্যমে জনসচেতনাতমূলক বার্তা বা কনটেন্ট প্রচার, জনবল ব্যবস্থাপনা, পদ সৃষ্টি, নিয়োগ, পদায়ন, বদলি, নীতিগত পরিবর্তন, বিধি সংশোধন, বার্ষিক কর্মপরিকল্পনা, প্রান্তিক অনুষ্ঠানসূচি, বার্ষিক বাজেট প্রণয়ন, ক্রয়/বিনিয়োগ, রাজস্বখাত ও উন্নয়ন খাতের প্রকল্পের আওতাধীন সম্প্রচার যন্ত্রপাতি (স্টুডিও/ প্রযুক্তিগত সরঞ্জাম, ট্রান্সমিটার, ওভি ভ্যান) ক্রয় ইত্যাদি।
সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে অতীতে কখনোই বিটিভি’র মহাপরিচালককে এ ধরণের চিঠি দেয়া হয়নি। এর ফলে মহাপরিচালকের পদটি প্রায় ক্ষমতাহীন ও কর্তৃত্বহীন হয়ে গেছে। এই চিঠির মাধ্যমে এমনকি বিটিভি’র মহাপরিচালককে পূর্বপ্রদত্ত ক্ষমতাও খর্ব করা হয়েছে। কারণ, তথ্য মন্ত্রণালয় থেকে ২০২০ সালে জারিকৃত এক আদেশে বিটিভির মহাপরিচালককে সুনির্দিষ্টভাবে যে ১৭টি বিষয়ে এখতিয়ার দেয়া হয়েছিল, নতুন এই চিঠির মাধ্যমে সেসব এখতিয়ারেরও বেশিরভাগ খর্ব করা হয়েছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com