ডেস্ক রির্পোট:- ফিলিপাইনে আগুনে পুড়ে যাওয়া একটি ফেরি থেকে ৩০টি মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। শুক্রবার ফেরিটির ভেতরে প্রবেশ করে মরদেহগুলো উদ্ধারের পর দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। তবে এখনো নিখোঁজ রয়েছেন বহু যাত্রী ও ক্রু।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার রাতে ফেরিটিতে আগুন লাগার পর তীব্র তাপ ও ঘন ধোঁয়ার কারণে উদ্ধারকারীরা ভেতরে ঢুকতে পারেননি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর শুক্রবার প্রথমবারের মতো ফেরিটির ভেতরে প্রবেশের সুযোগ পান তারা।
কর্তৃপক্ষের বরাতে রয়টার্স জানায়, সুরক্ষা পোশাক পরা উদ্ধারকর্মীরা ছোট নৌকা থেকে কালো ব্যাগে করে মরদেহগুলো কোস্ট গার্ডের জাহাজে নিয়ে যান। ফেরিটিতে ১৩০ জনের বেশি যাত্রী ও ক্রু ছিলেন।
শুক্রবার সকাল পর্যন্ত ৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। এর আগে কর্তৃপক্ষ ৮৪ জন নিখোঁজ থাকার কথা জানিয়েছিল। তবে ৩০টি মরদেহ উদ্ধারের পর বর্তমানে কতজন নিখোঁজ রয়েছেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।
আগুনে পুড়ে ধ্বংস ফেরির ভেতর
ফিলিপাইন কোস্ট গার্ডের প্রকাশিত ছবিতে ফেরিটির ভেতরে আগুনের ভয়াবহতা স্পষ্ট হয়েছে। যাত্রীদের থাকার বার্থগুলোর বেশির ভাগই পুড়ে গেছে। কোথাও কোথাও শুধু বাঁকাচোরা ধাতব কাঠামো ও ছাই পড়ে থাকতে দেখা গেছে। একটি ছবিতে পোড়া ধ্বংসস্তূপের মধ্যে কঙ্কালের মতো অবশেষও দেখা যায়। অন্য একটি ছবিতে দেখা যায় আগুনে পুড়ে যাওয়া একটি যানবাহন।
কোস্ট গার্ডের মুখপাত্র কমোডর নোয়েমি কায়াবায়াব রয়টার্সকে বলেন, এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর শোক ও কষ্ট তারা উপলব্ধি করছেন। নিহতদের এবং তাদের স্বজনদের প্রতি সর্বোচ্চ সম্মান রেখে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া রিচার্ড মার্সেলিয়ানো জানান, প্রথমে ফেরিতে অল্প ধোঁয়া দেখা গিয়েছিল। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি ভয়াবহ আগুনে রূপ নেয় এবং মুহূর্তের মধ্যে আগুন পুরো ফেরিতে ছড়িয়ে পড়ে। পরে তিনি অন্য যাত্রীদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা সমুদ্রে ভেসে থাকার পর উদ্ধার হন।
৭ হাজার ৬০০টির বেশি দ্বীপ নিয়ে গঠিত ফিলিপাইনে এক দ্বীপ বা প্রদেশ থেকে অন্য এলাকায় যাতায়াতে লাখো মানুষ ফেরি ও ছোট নৌযানের ওপর নির্ভরশীল। ফলে দেশটিতে নৌদুর্ঘটনা প্রায়ই বড় ধরনের প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়।
এর আগেও সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে বেশ কয়েকটি প্রাণঘাতী নৌদুর্ঘটনা ঘটেছে। চলতি বছরের জানুয়ারিতে ৩০০ জনের বেশি যাত্রী নিয়ে দক্ষিণাঞ্চলীয় সুলু প্রদেশের দিকে যাওয়ার সময় একটি যাত্রীবাহী নৌযান ডুবে যায়। ওই ঘটনায় ৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। তথ্য সূত্র- রয়টার্স।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com