স্পোর্টস ডেস্ক:- মিচেল স্টার্কের দুর্দান্ত পেস বোলিংয়ের সামনে শুরুতেই ভেঙে পড়েছে বাংলাদেশের ব্যাটিং। মাত্র ১২ রানেই ৫ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে চরম বিপর্যয়ে পড়ে সফরকারীরা। টেস্ট ইতিহাসে সর্বনিম্ন ২৬ রানে অলআউট হওয়ার লজ্জা আপাতত এড়ালেও প্রথম সেশন শেষে স্বস্তিতে নেই বাংলাদেশ। ২৩ ওভারে ৬ উইকেটে ৩৫ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে তারা।
ডারউইনে অবিশ্বাস্য জয় পাওয়ার পর সেই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশায় ম্যাকাই টেস্টে মাঠে নামে বাংলাদেশ। তবে টস হেরে ব্যাট করতে নেমেই স্টার্কের বিধ্বংসী বোলিংয়ের মুখে পড়ে তারা। প্রথম ২২ বলের মধ্যেই ৫টি উইকেট তুলে নিয়ে বাংলাদেশের টপ অর্ডারকে একাই ধসিয়ে দেন এই অজি পেসার।
৬.৪ ওভারের মধ্যেই ১২ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। এ সময় ৪ ওভার বোলিং করে ৩ মেডেনসহ মাত্র ৪ রান খরচ করেন স্টার্ক। ক্যারিয়ারে এর আগেও জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১৫ বলে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।
ইনিংসের শুরুতেই সাদমান ইসলামকে ক্যামেরন গ্রিনের ক্যাচে পরিণত করেন স্টার্ক। পরের ওভারে টানা দুই বলে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তকে ফেরান তিনি। ফলে বাংলাদেশের প্রথম তিন ব্যাটারই কোনো রান না করেই সাজঘরে ফেরেন। এরপর মাত্র ৯ রান করে মুমিনুল হকও স্টার্কের শিকার হন। লিটন দাসও ৫ বল মোকাবিলা করে রানের খাতা খোলার আগেই আউট হন।
বাংলাদেশের সর্বনিম্ন ২৬ রানে অলআউট হওয়ার আশঙ্কা অবশ্য আপাতত কেটে গেছে। তবে নিজেদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন ৪৩ রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড এড়াতে এখনও বেশ কিছুটা পথ পাড়ি দিতে হবে। ৪২ বল খেলে ৫ রান করা মুশফিকুর রহিম ষষ্ঠ ব্যাটার হিসেবে বিদায় নিলে ২১ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ।
এরপর মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। দুজনের অবিচ্ছিন্ন ১৪ রানের জুটিতে প্রথম সেশন শেষ করে বাংলাদেশ। মিরাজ ১১ এবং হাসান ৮ রানে অপরাজিত আছেন।
এই টেস্টে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন শরিফুল ইসলাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজে ৬ উইকেট নেওয়া শরিফুল এবার ইবাদত হোসেনের জায়গায় একাদশে ফিরেছেন।
বাংলাদেশ একাদশ
সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
অস্ট্রেলিয়া একাদশ
ট্র্যাভিস হেড, ম্যাট রেনশ, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বেউ ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com