ডেস্ক রির্পোট:- জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) দেশটির কুমামোতো প্রিফেকচার প্রশাসন এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, এ ঘটনায় অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন।
এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) জাপানের কিউশু দ্বীপের উকি শহরের কাছে রিখটার স্কেলে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। কম্পনের ফলে প্রায় ৪০ হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, রেল চলাচল ব্যাহত হয় এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়।
কর্তৃপক্ষ জানায়, নিহতদের প্রায় অর্ধেকই দুটি বড় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এর মধ্যে একটি ছিল নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজের একটি কাগজ কারখানার কাঠামোগত ধস এবং অন্যটি একটি এইওন স্টোরে সম্ভাব্য গ্যাস বিস্ফোরণের ঘটনা।
পরিস্থিতি বিবেচনায় জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সম্ভাব্য আরও শক্তিশালী আফটারশকের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
এদিকে, তীব্র গরমের মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় পানির সংকট দেখা দিয়েছে। এতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও জটিল হয়ে পড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। এর আগে এক দশক আগে কুমামোতো অঞ্চলে সংঘটিত এক বিধ্বংসী ভূমিকম্পে ২৭৫ জনের মৃত্যু হয়েছিল।
সূত্র: আল জাজিরা
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com