রাঙ্গামাটি:- রাঙ্গমাটিতে পারিবারিক কলহের জেরে ঘারে ধারালো দায়ের আঘাতে সাকিবুল ইসলাম (২৩) নামে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম ও মা রেহানা বেগমকে আটক করা হয়েছে। রাঙামাটি কোতয়ালী থানার ওসি মো. জসীম উদ্দীন ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন।
আজ (শনিবার, ২৫ জুলাই) বেলা আড়াইটার দিকে রাঙ্গামাটি শহরের আসামবস্তি এলাকায় এ ঘটনা ঘটে।
কোতয়ালী থানার ওসি মো. জসীম উদ্দীন বলেন- শনিবার বেলা সোয়া দুইটার দিকে পারিবারিক কলহের খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতয়ালী থানার পুলিশ। ঝগড়ার সময় সাকিব বাবা-মা'কে মারতে গেলে তার হাতে থাকা দা ছিনিয়ে নেয়ার সময় তার গলায় আঘাত লাগে। এতে সাকিব গুরুতর আহত হয়ে দৌঁড়ে সে সড়কে এসে পরে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। এঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম ও মা রেহানা বেগমকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
ওসি বলেন- সাকিবুল ইসলাম মাদকাসক্ত ছিলেন। বাবা মাকে মারধর করতেন। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদক মামলা রয়েছে। সম্প্রতি তিনি জেল থেকে বেরিয়েছেন।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি চিকিৎসা কর্মকর্তা ডা. ফুয়াদ হাসান বলেন-'রোগী শকে ছিলেন। তার ঘারে ধারালো অস্ত্রের আঘাতের গভীর ক্ষত ছিল। প্রচুর রক্তপাতের কারণে হাসপাতালে আনার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়'।
নিহতের মামাতো ভাই মো. আল আমীন বলেন-চারবোন একভাইয়ের মধ্যে সাকিবুল ইসলাম চতুর্থ ছিলেন। মাদরাসায় পড়াশোনা করলেও মাঝপথে ছেড়ে দেন পড়াশোনা। হয়ে পড়েন মাদকাসক্ত। নানাভাবে অত্যাচার করতেন বাবা মা'কে। আজকে ঝগড়ার মধ্যে এই ঘটনায় তার মৃত্যু হলো।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com