রাঙ্গামাটি:- রাঙ্গামাটির সাজেক ইউনিয়নের দুর্গম শুকনোছড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে হেগেরা চাকমা (লেত্তবাপ) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৯ মে) ভোর আনুমানিক ৬টা ৫০ মিনিটের দিকে মারিশ্যা-দিঘিনালা সড়কের শুকনোছড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাঙ্গামাটি পুলিশ সুপার ঘটনা সত্যতা নিশ্চিত করছেনে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি শুকনোছড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় হেগেরা চাকমাকে লক্ষ্য করে তারা কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলির মুখে তিনি পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় দেখতে পান।
স্থানীয়দের দাবি, নিহত হেগেরা চাকমা এলাকায় ইউপিডিএফ (প্রসিত) এর “কালেক্টর” হিসেবে পরিচিত ছিলেন এবং তিনি শুকনোছড়া এলাকায় সংগঠনের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। তবে কারা তাকে গুলি করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, প্রতিপক্ষের সশস্ত্র গ্রুপের সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।
ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে। ঘটনার পর অনেকেই এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করছেন বলেও জানা গেছে।
এদিকে খবর পেয়ে সাজেক থানার আওতাধীন ১০ নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় সেখানে পৌঁছাতে সময় লাগছে বলে জানিয়েছে পুলিশ।
বাঘাইহাট পুলিশ ফাঁড়ির একটি সূত্র জানায়, ঘটনাস্থল অত্যন্ত দুর্গম হওয়ায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া সম্ভব হয়নি। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদন্ত শুরু করার পর প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার পেছনে আঞ্চলিক আধিপত্য বিস্তার, সাংগঠনিক বিরোধ নাকি পূর্বশত্রুতা কাজ করেছে—তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। নিহতের মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হতে পারে বলে জানা গেছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com