রাঙ্গামাটি:- রাঙ্গামাটির অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ-এ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা, প্রজেক্ট প্রদর্শনী এবং গণিত ও সাধারণ জ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি। অনুষ্টানে শিক্ষক, অভিভাবক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


আয়োজক সূত্রে জানা যায়, গত ৩ মে গণিত অলিম্পিয়াড এবং ৪ মে সাধারণ জ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। প্রতিটি প্রতিযোগিতায় শ্রেণিভিত্তিক চারটি গ্রুপে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পাশাপাশি বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা একক ও দলীয়ভাবে বিভিন্ন উদ্ভাবনী ও সৃজনশীল প্রজেক্ট উপস্থাপন করে নিজেদের মেধা ও দক্ষতার পরিচয় দেয়।


প্রধান অতিথি বিজ্ঞান মেলার প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের উদ্ভাবনী চিন্তা, গবেষণামূলক মনোভাব ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রতি আগ্রহের ভূয়সী প্রশংসা করেন। তিনি ক্ষুদে শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে বলেন, “বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে জ্ঞান, প্রযুক্তি ও সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে। অধ্যবসায় ও নিয়মিত অনুশীলনের মাধ্যমেই একজন শিক্ষার্থী সফল মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।”


প্রজেক্ট প্রদর্শনী শেষে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গণিত অলিম্পিয়াড, সাধারণ জ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান মেলায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে খাঁটি বাংলাদেশি হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানের এক পর্যায়ে প্রধান অতিথি নিজস্ব উদ্যোগে প্রতিটি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে পুরস্কৃত করার ঘোষণা দিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের আবহ সৃষ্টি হয়।
শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের অংশগ্রহণে ফটোসেশনের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com