রাঙ্গামাটি:- রাঙ্গামাটি সদর উপজেলায় ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী গঠিত এই কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া কোতয়ালী থানার অফিসার ইনচার্জ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।
কমিটিতে স্থানীয় ক্রীড়া সংগঠক তৌহিদুল আলম (মামুন) সদস্য-সচিব এবং ক্রীড়াবিদ এন কে এম মুন্না তালুকদার সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।
তৌহিদুল আলম (মামুন) রাঙামাটি জেলার ক্রীড়াঙ্গনে সুপরিচিত সংগঠক। তিনি সাবেক সদস্য সচিব, কাবাডি উপকমিটি (রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা), সাবেক ডিএস প্রতিনিধি প্রতিভাস ক্লাব এবং বর্তমানে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি একজন সাবেক ফুটবলার।


অন্যদিকে, এন কে এম মুন্না তালুকদার একজন পরিচিত ক্রিকেটার হলেও পাশাপাশি স্কুল পর্যায়ে পর্যন্ত কাবাডি ও হ্যান্ডবল খেলায়ও সক্রিয় ছিলেন। তিনি রাঙামাটির ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্য এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সক্রিয় সদস্য হিসেবে ক্রীড়াঙ্গনে অবদান রেখে চলেছেন।
তরুণদের খেলাধুলায় আগ্রহী করতে ২০১০ সালে তিনি প্রতিষ্ঠা করেন ইয়াং টাইগার স্পোর্টিং ক্লাব, যা বর্তমানে স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চা ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ক্রীড়া সংশ্লিষ্ট মহল মনে করছে, নতুন এই এডহক কমিটির মাধ্যমে রাঙ্গামাটি সদরের ক্রীড়াঙ্গনে নতুন গতি সঞ্চার হবে এবং যুবসমাজ ইতিবাচক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com