ডেস্ক রির্পোট:- জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক তদন্ত কমিটি গঠনের প্রতিবাদে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ২০২৫ সালের নির্বাচন নিয়ে এনএসসি’র সাম্প্রতিক গেজেট বোর্ডের স্থিতিশীলতা ও স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল। বর্তমানে বিসিবি একটি নির্বাচিত এবং পূর্ণাঙ্গ কার্যকর সংস্থা হিসেবে নিজস্ব গঠনতন্ত্র মেনে পরিচালিত হচ্ছে। তবে সরকারের এই আকস্মিক পদক্ষেপে দেশের ক্রিকেটে চরম অনিশ্চয়তা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে আইসিসি’র পূর্ণ সদস্য হিসেবে বিসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাঠামোর অধীনে পরিচালিত হয়। আইসিসি’র নীতি অনুযায়ী, নির্বাচিত কোনো ক্রিকেট বোর্ডে বাহ্যিক হস্তক্ষেপ বা সরকারি প্রভাব গুরুত্বের সাথে দেখা হয়। এমন পরিস্থিতি তৈরি হলে আইসিসি বিসিবি’র সদস্যপদ বা বৈশ্বিক অবস্থান নিয়ে কঠোর আইনি পর্যালোচনা শুরু করতে পারে। ইতিমধ্যে আইসিসি নেতৃত্বের সাথে অনানুষ্ঠানিক আলোচনায় এই উদ্বেগের ইঙ্গিত পাওয়া গেছে। বিসিবি মনে করে, বৈশ্বিক পরিমণ্ডলে দেশের ক্রিকেটের ভাবমূর্তি রক্ষা করা এখন জরুরি।
উদ্ভূত পরিস্থিতি নিরসনে আইসিসি’র কাছে আনুষ্ঠানিক অভিযোগ করার আগে এনএসসি’র সঙ্গে সরাসরি আলোচনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেজেটের উদ্দেশ্য এবং এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে তারা জাতীয় ক্রীড়া পরিষদের সাথে গঠনমূলক সংলাপে বসতে চায়। আন্তর্জাতিক ক্রিকেট নীতি মেনে বিসিবি’র স্বায়ত্তশাসন রক্ষা করা অপরিহার্য। এনএসসি’র এই পদক্ষেপকে কেন্দ্র করে যাতে দেশের ক্রিকেট কোনো নিষেধাজ্ঞার মুখে না পড়ে, সে বিষয়ে বিসিবি সতর্ক। তাই আলোচনার মাধ্যমে এই সংকট দ্রুত সমাধানের অনুরোধ জানানো হয়েছে। বোর্ড স্পষ্ট করেছে যে, ক্রিকেটের অগ্রগতি নিশ্চিত করতে প্রশাসনের ধারাবাহিকতা বজায় থাকা প্রয়োজন। বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশ ক্রিকেটের মর্যাদা অক্ষুণ্ণ রাখাই বিসিবি’র বর্তমান লক্ষ্য। সংঘাত এড়িয়ে সমঝোতার মাধ্যমেই এই আইনি ও প্রশাসনিক জটিলতা কাটাতে চায় দেশের সর্বোচ্চ এই ক্রিকেট সংস্থা।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com