রাঙ্গামাটি ডেস্ক:- রাঙ্গামাটির একটি মাত্র সংসদীয় আসনে সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে ছয় প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। মোট ভোটের সাড়ে ১২ শতাংশ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী, কোনো সংসদীয় আসনে সংগৃহীত ভোটের আট ভাগের এক ভাগ বা কমপক্ষে সাড়ে ১২ শতাংশ ভোট অর্জন করতে না পারলে জামানত বাজেয়াপ্ত হয়। সে অনুযায়ী প্রাপ্ত ফলাফলে এসব প্রার্থী নির্ধারিত সীমার নিচে ভোট পাওয়ায় তাদের জামানত হারিয়েছেন।
রাঙ্গামাটিতে মোট ভোট সংগ্রহ হয়েছে দুই লক্ষ ৭৪ হাজার ০১৮। সংগৃহীত ভোটের সাড়ে ১২ শতাংশ বা আট ভাগের এক ভাগ হিসেবে ৩৪,২৫২ ভোট পেলে জামানত বাজেয়াপ্ত হবে না। এই হিসেবে রাঙামাটিতে শুধুমাত্র বিজয়ী প্রার্থী ছাড়া বাকী ছয়জনই ভোট পেয়েছেন ৩৪,২৫২ এর নিচে। এর মধ্যে বিএনপি প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান দুই লক্ষ ১ হাজার ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পেয়েছেন ৩১ হাজার ১৪২ ভোট। ১১ দলীয় জোটের রিকশা প্রতীকের প্রার্থী মুহম্মদ আবু বকর সিদ্দিক ২২ হাজার ৭১৫, জাতীয় পার্টির অশোক তালুকদার (লাঙ্গল) দুই হাজার ৯৭৪, মো. জসিম উদ্দিন (হাতপাখা) তিন হাজার ৬৭২, জুঁই চাকমা (কোদাল) এক হাজার ৭০ এবং মো. আবুল বাশার (ট্রাক) ৪৪৯ ভোট পেয়েছেন।
বিজয়ী প্রার্থী ছাড়া বাকি সকলেই আট ভাগের এক ভাগ ভোট সংগ্রহ করতে না পারায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
রাঙ্গামাটি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান বলেন, কোনো প্রার্থী মোট ভোটের আট ভাগের এক ভাগ অর্থাৎ সাড়ে ১২ শতাংশ ভোট না পেলে সেই জামানত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হয়।পাহাড়২৪
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com