খাগড়াছড়ি:- দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ান। সমীরণ দেওয়ান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে খাগড়াছড়িতে (২৯৮ নং সংসদীয় আসন) ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১ ফেব্রুয়ারি রোববার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার দায়ে সমীরণ দেওয়ানকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দলের শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা অব্যাহত থাকবে।
এর আগে ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী যতীন্দ্র লাল ত্রিপুরার কাছে পরাজিত হন সমীরণ দেওয়ান। নির্বাচনে হেরে যাওয়ার পর সমীরণকে খাগড়াছড়ির রাজনীতিতে সক্রিয় দেখা যায়নি বলে অভিযোগ বিএনপির নেতা–কর্মীদের।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com