রাঙ্গামাটি:- রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ও প্রকল্প পরিচালক আবদুল গফুরকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আইসিটি সংক্রান্ত অপরাধে জড়িত থাকা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করার ধারাবাহিক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, এসব অভিযোগের প্রেক্ষিতে আজ অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের সভায় বিস্তারিত আলোচনা ও পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সঙ্গে অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, অভিযুক্ত কর্মকর্তার কিছু কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক প্রশাসনিক পরিবেশকে বিঘ্নিত করেছে এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
রিজেন্ট বোর্ড সভায় উপস্থিত সদস্যরা মত দেন, একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা, সহনশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি বা কর্মকর্তার কর্মকাণ্ড যদি এসব মৌলিক নীতিমালার পরিপন্থী হয়, তবে প্রশাসনের কঠোর অবস্থান নেওয়া জরুরি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান বলেন,
“বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ, প্রশাসনিক শৃঙ্খলা এবং প্রতিষ্ঠানের সুনাম রক্ষায় রিজেন্ট বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগগুলোর বিষয়ে নিরপেক্ষ তদন্ত করা হবে এবং তদন্ত শেষে আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও জানান, তদন্তকালীন সময়ে অভিযুক্ত কর্মকর্তা কোনো ধরনের প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারবেন না।
এদিকে, সাময়িক বরখাস্তের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন মহলে আলোচনা চলছে। তবে প্রশাসন বলছে, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে এর কোনো প্রভাব পড়বে না।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com