রাঙ্গামাটি: রাঙ্গামাটির বরকল উপজেলায় কাপ্তাই হ্রদে বজ্রপাতে মো. সুমন (৩৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। মারা যাওয়া জেলে সুমনের বাড়ি সিলেট জেলায়।
বৃহস্পতিবার (০৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ২ নং বরকল ইউনিয়নের কুরকুটিছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জেলে।
আহতরা হলেন, কুমিল্লা জেলা সদরের বাসিন্দা মোঃ আয়াতুল( ৩০), খুলনার দিঘুলিয়া থানার বাসিন্দা মৃত এনামুল মোল্লার ছেলে মো মামুন (২৭), নোয়াখালী জেলার বাসিন্দা মোঃ সুমন (৩৭) এবং রাজশাহী জেলার বাসিন্দা মো. রাজু (৪০)।
স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে রাঙ্গামাটিতে তীব্র বৃষ্টি এবং বজ্রপাত হয়েছিলো। এসময় ২ নং বরকল ইউনিয়নের কুরকটি ছড়ি নামক স্থানে কাপ্তাই হ্রদে মোঃ মোতালেব সওদাগরের জাল দিয়ে নৌকাযোগে মাছ ধরছিলেন ছয় জেলে। হঠাৎ প্রবল বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে নৌকায় থাকা অবস্থায় মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মো সুমন মারা যান। অন্যরা আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) মো. জসীম উদ্দীন চৌধুরী বলেন, আমরা বিষয়টি খবর নিচ্ছি।
বরকল উপজেলার সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যাতৌ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে ঘটনাস্থল তার এলাকা নয় বলে জানিয়েছেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com